আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

সর্বশেষ

এইচএসসি পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জরুরী নির্দেশনা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আজ ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দে প্রকাশ করেছেন।


এইচএসসি পরীক্ষা ২০২৬: কেন্দ্র কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

www.dhakaeducationboard.gov.bd

১৩-১৪ জয়নাগ রোড, বকশীবাজার, ঢাকা- ১২১১

বিষয়: এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হওয়ার জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি জরুরি নির্দেশনা।

জরুরি নির্দেশনা:

১. সিলেবাস ও পরীক্ষার সময়সূচি

  • নিয়মিত পরীক্ষার্থী (সেশন- ২০২৪-২০২৫): ২০২৬ সালের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক অনুমোদিত এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
  • অনিয়মিত/মানোন্নয়ন পরীক্ষার্থী (সেশন- ২০২৩-২০২৪ ও তৎপূর্বের): ২০২৫ সালের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
  • পরীক্ষার সময়: পরীক্ষার সময়সূচি অনুযায়ী সকাল ১০.০০ টায় এবং দুপুর ২.০০ টায় পরীক্ষা শুরু হবে।

২. প্রশ্নপত্র ট্রাংক যাচাই ও নিরাপত্তা

  • পরীক্ষা শুরুর ০৩ (তিন) দিন পূর্বে ট্রেজারিতে/থানা লকারের ট্রাংকে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সাথে প্রশ্নপত্রের বিবরণী তালিকা ঠিকভাবে যাচাই করতে হবে।
  • প্রশ্নপত্রের প্যাকেট যাচাইকালে সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ অবশ্যই উপস্থিত থাকবেন।
  • প্রশ্নপত্রের ২ সেট করে সৃজনশীল (CQ) এবং বহুনির্বাচনি (MCQ) সেট, পরীক্ষার তারিখ অনুসারে সেটভিত্তিক আলাদা করে Security খামে প্যাকেট করতে হবে।
  • প্যাকেট যাচাইয়ের দিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তারিখ ভিত্তিক প্রশ্নপত্রের প্যাকেট সাজিয়ে Security খামের গাম লাগিয়ে এবং কার্টুন টেপে যথাযথভাবে মুড়িয়ে নিতে হবে। Security খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড অবশ্যই লিখতে হবে। (এ বিষয়ে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে তা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা বলে গণ্য হবে)।
  • ট্রেজারি হতে পরীক্ষার দিনগুলোতে ট্রেজারি অফিসারের নিকট হতে ওই দিনের প্রশ্নপত্রের Security খাম (সৃজনশীল (CQ) ২ সেট এবং বহুনির্বাচনি (MCQ) ১ সেট) গ্রহণ করতে হবে।
  • অত্যন্ত সতর্কতার সাথে থানা/ট্রেজারি হতে Tag Officer এবং Police প্রহরাসহ প্রশ্নপত্রের প্যাকেট (Security খাম) কেন্দ্রে আনতে হবে।
  • মোবাইল ফোনে সেট কোডের এসএমএস পাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও পুলিশ অফিসারকে প্রদর্শনের পর সেট কোড নিশ্চিত হয়ে ফয়েল প্যাকেটে অমোচনীয় কলম দিয়ে স্বাক্ষর করে প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে। অন্য সেটের প্রশ্নপত্রের প্যাকেট টেবিল থেকে সরিয়ে ট্রাংকজাত করতে হবে।
  • অব্যবহার করা সেটের প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় বোর্ডে জমা দিতে হবে। নির্ধারিত সেট কোডের পরিবর্তে অন্য কোনো সেট কোডের প্রশ্নপত্রে পরীক্ষা নিলে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩. কেন্দ্র ও আসন ব্যবস্থা

  • মোবাইল ফোন নিষেধাজ্ঞা: কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন/ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
  • কক্ষ পরিদর্শক: প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য ১ জন কক্ষ পরিদর্শক পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি কক্ষে কমপক্ষে ২ জন করে দায়িত্ব পালন করবেন।
  • আসন বিন্যাস: ৫ ফুট/৬ ফুট লম্বা প্রতি বেঞ্চে ২ (দুই) জন এবং ৪ ফুট লম্বা বেঞ্চে ১ (এক) জনের আসন ব্যবস্থা করতে হবে। কোনো অবস্থাতেই এর ব্যতিক্রম করা যাবে না।
  • কেন্দ্রে প্রবেশ: সকাল ৮.৩০ মিনিট থেকে পরীক্ষার্থীরা কেন্দ্র অভ্যন্তরে প্রবেশ করবে এবং পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবশ্যই প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
  • বিলম্ব পরীক্ষার্থী: নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থী আসলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশেষ বিবেচনায় রেজিস্টার খাতায় রোল নং ও অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে পারবেন। পরীক্ষা শেষে বোর্ডে রেজিস্টার খাতাটি জমা দিতে হবে।
  • শৃঙ্খলা রক্ষা: পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী, অভিভাবক বা অন্য কেউ যাতে জটলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে (প্রয়োজনে হ্যান্ড মাইক ব্যবহার করতে হবে)।
  • নকল প্রতিরোধ: বোর্ড থেকে সরবরাহকৃত নকল প্রতিরোধমূলক পোস্টার পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথের দৃশ্যমান স্থানে লাগাতে হবে। পরীক্ষা শুরুর পরপরই কেন্দ্রের টয়লেটসমূহ তল্লাশি করাতে হবে এবং কোনো ধরণের নকলের সামগ্রী পাওয়া গেলে তা ফেলে দিতে হবে।

৪. উত্তরপত্র, প্রবেশপত্র ও আনুষঙ্গিক নির্দেশনাবলী

  • ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রবেশপত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে গ্রহণ করবেন এবং পরীক্ষা শুরুর অন্তত ১০ (দশ) দিন পূর্বে তা প্রতিটি প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর নিশ্চিত করবেন।
  • পরীক্ষার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত তারিখে অবশ্যই গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের নিকট কোনো ত্রুটিপূর্ণ উত্তরপত্র সরবরাহ করা যাবে না।
  • শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত ঘড়ি ব্যতীত অন্য কোনো ঘড়ি পরীক্ষার কেন্দ্রে নিয়ে প্রবেশ করতে পারবে না।
  • পরীক্ষার দিন প্রশ্নপত্র গ্রহণ, পরিবহন ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে প্যাকেট খোলাসহ সকল কাজের সাথে ট্যাগ অফিসারের সংশ্লিষ্টতা থাকতে হবে। ট্যাগ অফিসারের যাতায়াত ও সম্মানী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেন্দ্র ফি থেকে ব্যবস্থা করবেন।
  • পরীক্ষার্থীর হাজিরা শিটে উপস্থিতির স্বাক্ষর নিতে হবে। কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকলে নির্দিষ্ট তারিখ ও বিষয় লাল কালি দ্বারা "অনুপস্থিত" লিখে দিতে হবে।
  • নির্দিষ্ট তারিখে পরীক্ষার সময়সূচি মোতাবেক পরীক্ষা নিতে হবে। উত্তরপত্রের প্যাকেট বোর্ডের পরীক্ষা শাখার রুমে বস্তায় সিলগালাকৃত অবস্থায় পৌঁছাতে হবে।
  • পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহন কাজে পুলিশের সংশ্লিষ্টতা থাকতে হবে।
  • উত্তরপত্র প্যাকেজিং: পুরাতন এবং নতুন সিলেবাস অনুসারে ৫০টি করে উত্তরপত্র করোগেটেড শিটে প্যাকেট করতে হবে। কোনো অবস্থাতেই নতুন এবং পুরাতন সিলেবাসের উত্তরপত্র একত্রে প্যাকেট করা যাবে না। উত্তরপত্রের প্যাকেটের গায়ে কোনো চিহ্ন বা অতিরিক্ত কিছু লেখা থাকলে তার জন্য কেন্দ্রসচিব দায়ী থাকবেন।
  • প্রতিটি বিষয়ের উত্তরপত্রের জন্য ভিন্ন ভিন্ন প্যাকেট করতে হবে। ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের অবশ্যই ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে এবং তাদের উত্তরপত্রের প্যাকেট আলাদা হবে।
  • বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী: বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের লিখিত উত্তরপত্র পৃথকভাবে প্যাকেট করে লেবেল লাগিয়ে "বিশেষ পরীক্ষার্থী" উল্লেখ করে জমা দিতে হবে।
  • প্রবেশপত্র সংশোধন: পরীক্ষার্থীর প্রবেশপত্রে কোনো ত্রুটি থাকলে তা অবশ্যই প্রবেশপত্র গ্রহণের ৫ কর্মদিবসের মধ্যে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখা হতে সংশোধন করে নিতে হবে।
  • শ্রেণি কার্যক্রম: পরীক্ষা চলাকালীন প্রতিষ্ঠানের সকল ক্লাস বন্ধ রাখতে হবে। তবে পরীক্ষা শেষ হওয়ার পরে এবং সময়সূচিতে যেদিন পরীক্ষা নেই, সেদিন নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু রাখা যাবে।
  • পরীক্ষার্থীর রেজিঃ কার্ড এবং প্রবেশপত্রে উল্লেখিত বিষয়ের বাইরে অন্য কোনো বিষয়ের পরীক্ষা গ্রহণ করা যাবে না। এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন।
  • ট্রেজারি/থানা হেফাজত থেকে কেন্দ্রে প্রশ্ন পরিবহনের সাথে যুক্ত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী/ট্যাগ অফিসারের নাম ও মোবাইল নম্বর বোর্ডে প্রেরণ করতে হবে।
  • সিসিটিভি ক্যামেরা: সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে এবং ক্যামেরার মডেল, ডিভাইস সিরিয়াল নম্বর, পাসওয়ার্ড এবং আইডি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে প্রেরণ করতে হবে।
  • উত্তরপত্র প্রেরণ: যেসকল কেন্দ্র থেকে রেলওয়ের মাধ্যমে উত্তরপত্র প্রেরণ করা হয়, সেসকল কেন্দ্র থেকে অবশ্যই প্রতিদিনের উত্তরপত্র প্রতিদিন রেলযোগে পাঠাতে হবে। যদি রেলযোগে পাঠানো না যায়, সেক্ষেত্রে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ করা যাবে।

Post a Comment

Previous Post Next Post