ঐতিহ্যবাহী ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সভাপতি সরদার তানজির হোসেনের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
বাংলার শিক্ষাঙ্গনে এক দীপ্তিময় ইতিহাস ও ঐতিহ্যের অপরিসীম গৌরবে মহিমান্বিত একটি নাম—ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। ১৯০০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ীভাবে স্বীকৃত এই প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি আজ দীর্ঘ ১২৬ বছরের বর্ণিল পথপরিক্রমা পার করে এক অনন্য উচ্চতায় আসীন হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই শত শত গুণীজন তৈরি করে এই প্রতিষ্ঠানটি অ অঞ্চলের আলোকিত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। সময়ের বিবর্তনে এবং আধুনিক যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে এই বিদ্যাপীঠ আজ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কলেজ পর্যায়েও সমান দক্ষতার সাথে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিনির্মাণ করে চলেছে।
শিক্ষা প্রসারের এই দীর্ঘ অভিযাত্রায় প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি এবং শিক্ষার মান আরও বেশি বেগবান করার লক্ষ্যে আজ ২৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি জনাব তানজির হোসেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও ফলপ্রসূ এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডাইরেক্টর ডা. আরিফুর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল শাখার আহ্বায়ক জনাব মো: আবিদ হাসনাত। এই উচ্চপর্যায়ের সাক্ষাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাক্ষাৎকালে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার আধুনিকায়ন এবং প্রতিষ্ঠানটিকে আরও যুগোপযোগী ও সরকারি করার সম্ভাবনা নিয়ে বিস্তারিত ও অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়। এ সময় গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি জনাব তানজির হোসেনের দূরদর্শী নেতৃত্ব, অদম্য কর্মস্পৃহা এবং শিক্ষা খাতের উন্নয়নে তাঁর অবিচল প্রতিশ্রুতির কথা বিশেষভাবে প্রশংসিত হয়। তাঁর গতিশীল নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ প্রদান, শ্রেণিকক্ষে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য একটি পুরোপুরি শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে যে জোর দেওয়া হয়েছে, তা এই বিদ্যাপীঠের ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করবে। সভাপতির এই সদিচ্ছা ও কর্মপ্রয়াস প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে গভীর আশার সঞ্চার করেছে।
আলোচনাকালে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ঐতিহ্য ও গৌরবের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং এর উন্নয়নে সম্ভাব্য সকল ধরনের প্রশাসনিক সহযোগিতা, কারিগরি সহায়তা ও শিক্ষক উন্নয়ন কর্মশালা আয়োজনের সুনির্দিষ্ট আশ্বাস প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রতিষ্ঠানটির ১২৬ বছরের দীর্ঘদিনের সোনালী ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রেখে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এক শক্তিশালী ও টেকসই ভিত্তি গড়ে তোলা হবে। এছাড়া আজকের এই বৈঠকে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও নৈতিক শিক্ষায় বলীয়ান করে তোলার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন এবং সময়োপযোগী কারিকুলাম প্রণয়নের কৌশল নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
১২৬ বছরের প্রাচীন ঐতিহ্য আর বর্তমান গতিশীল নেতৃত্বের চমৎকার মেলবন্ধনে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ আজ এক নতুন রূপান্তরের পথে এগিয়ে চলেছে। সভাপতি জনাব তানজির হোসেনের ঐকান্তিক প্রচেষ্টা এবং উচ্চপর্যায়ের নীতি নির্ধারণী মহলের আন্তরিক সহযোগিতায় এই বিদ্যাপীঠ আগামী দিনে দেশের অন্যতম শ্রেষ্ঠ ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠূপে আত্মপ্রকাশ করবে—এমনটাই শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের সুধীজনদের ঐকান্তিক প্রত্যাশা।

Post a Comment